কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের হিমছড়ির সমুদ্র সৈকতে সাগরে ডুবে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন দুজন। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে সৈকতের হিমছড়ি পয়েন্টে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয়, তাদের বাড়ির ঠিকানা এবং কীভাবে তারা সাগরে ডুবে যান, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেনি প্রশাসন।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, পর্যটকদের একটি দল ওই সৈকতে গোসল করতে নেমেছিল। এ সময় সাগরের প্রবল ঢেউ ও স্রোতে তারা ভেসে যান। ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় একজন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো দুজন পর্যটকের খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।
Leave a Reply