October 22, 2026, 4:56 am

নানা আয়োজনে মহানবমী পালিত : আজ বিজয়া দশমী

নানা আয়োজনে মহানবমী পালিত : আজ বিজয়া দশমী

রুহুল আমিন হিরু : শারদীয় দুর্গোৎসবের মহানবমী ছিল গতকাল মঙ্গলবার। এদিন রাজধানীসহ দেশের পূজাম-পগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামে। ঢাকের বাদ্যের সঙ্গে মন্ত্রপাঠে আনন্দময়ীকে অঞ্জলি দেন ভক্তরা। একই সঙ্গে নবমী তিথিতে পূজা ও সন্ধ্যা আরতি শেষে বাজতে শুরু করেছে বিদায়ের সুর।
আজ বুধবার বিজয়া দশমী। এদিন বাপের বাড়ি ছেড়ে কৈলাসধামে স্বামীর বাড়িতে ফিরবেন দেবী দুর্গা। আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ছয় দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আজ সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
বিজয়া দশমী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। দুর্গোৎসব উপলক্ষে গতকাল মঙ্গলবার থেকে সরকারি ছুটি শুরু হয়েছে। আজ ও আগামীকালও সাধারণ ছুটি। সব মিলিয়ে এবার পূজায় সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিন ছুটি পেয়েছেন।
হিন্দু সনাতন শাস্ত্রমতে, নবমী তিথিতে রাবণবধের পর রাজা শ্রী রামচন্দ্র এই পূজা করেছিলেন। নীলকণ্ঠ ফুল ও যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হয় নবমী বিহিত পূজা। নবমী পূজার মাধ্যমে মানবকুলে সম্পদলাভ হয়। তাই শাপলা, শালুক ও বলিদানের মাধ্যমে দশভুজা দেবীর পূজা করা হয়। নীল অপরাজিতা ফুল মহানবমী পূজার বিশেষ অনুষঙ্গ। এদিন পূজায় যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেওয়া হয়। ১০৮টি বেলপাতা, আম কাঠ ও ঘি দিয়ে এই যজ্ঞ করা হয়।
আজ সকালে হবে দশমী পূজা। এ সম্পর্কে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত ধর্মদাস চট্টোপাধ্যয় জানান, বিজয়া দশমীতে ‘বিহিত পূজা’ এবং পরে ‘দর্পণ বিসর্জনের’ মধ্য দিয়ে দুর্গাপূজার শাস্ত্রীয় সমাপ্তি ঘটবে। দশমী পূজায় প্রতিমার হাতে জরা, পান, শাপলা ডালা দিয়ে আরাধনা করা হয়। পূজার আনুষ্ঠানিকতা শেষে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। তিনি আরও জানান, মহানবমীর সন্ধ্যায় আরতি শেষে দেবীর বন্দনায় প্রতিটি পূজাম-পে বিষাদের সুর বাজতে শুরু করে। দুর্গতিনাশিনী মহিষাসুর মর্দিনীর আরাধনা শেষ হলে কৈলাশে স্বামীগৃহে ফিরবেন মা দুর্গা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, বছরান্তে দেবী দুর্গার আগমনে দেশের প্রতিটি মন্দিরে বিরাজ করে আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশ। মন্দিরে মন্দিরে বেজে ওঠে ঢাক-ঢোল, কাঁসরঘণ্টা ও শঙ্খধ্বনি। মন্ত্র উচ্চারণ ও প্রার্থনার মধ্য দিয়ে বিশ্বের অশুভ শক্তিকে তাড়িয়ে কল্যাণ কামনা করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনায় বুধবার প্রতিমা বিসর্জন হবে। বিসর্জনের আগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা বের হবে, যা রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে সদরঘাটে গিয়ে শেষ হবে।
মহানবমী উপলক্ষে গতকাল সকাল থেকেই বিভিন্ন পূজাম-পে আয়োজন করা হয় প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রতিমার সাজসজ্জা ও নান্দনিক ম-প দেখতে ভিড় জমান ভক্ত-দর্শনার্থীরা। বিশেষ করে বাবা-মায়ের সঙ্গে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা নতুন পোশাকে পরিবারের সঙ্গে আসে দেবীদর্শনে। ম-পগুলোর বাইরে বসা অস্থায়ী দোকানপাটও ছিল জমজমাট।
মহালয়ার মধ্য দিয়ে গত ১০ অক্টোবর এবারের দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু হয়। গত শুক্রবার মহাষষ্ঠী থেকে ছয় দিনের যে দুর্গোৎসব শুরু হয়েছিল, আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই আয়োজন শেষ হবে। এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরে ম-পের সংখ্যা ২৫৮টি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − seven =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com