কোর্ট রিপোর্টার : ‘সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ’ পতিপদ্য নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবির বলেছেন, সংবিধানে রাষ্ট্রের সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমান অধিকার দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকের বিচার পাওয়ার অধিকারের কথা উল্লেখ থাকলেও অনেকক্ষেত্রে অসচ্ছল, অসহায়, নির্যাতিতা, সমাজের পিছিয়ে থাকা লোকজন বিচারের আশায় আদালতের দারস্থ হতে পারতেন না।
ফলে তারা আইনের আশ্রয় নিতে ব্যর্থ হয়ে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হতেন। বিগত ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়া অর্থ বরাদ্দ দিয়ে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে সরকারি খরচে সহায় সম্বলহীন হতদরিদ্র মানুষের বিচার পাওয়ার অধিকার সুনিশ্চিত করেছেন। ফলে সকলে সরকারের এই মানবিক কার্যক্রমের সুফল ভোগ করছে।
এজন্য প্রতিটি জেলায় একজন বিচারককে লিগ্যাল এইড অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পারিবারিক বা দাম্পত্য বিরোধ, দেওয়ানী বিরোধ বা আপসযোগ্য ফৌজদারি মামলাসমূহ জেলা লিগ্যাল এইড অফিসারের মাধ্যমে সরাসরি মধ্যস্থার সভার মাধ্যমে নিস্পত্তি করা হচ্ছে। লিগ্যাল এইডের সুফল আরো জনমুখী করার জন্য তিনি সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য আহবান জানান।
বগুড়া জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস পালনের কর্মসূচির অংশ হিসাবে সকালে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ মো. আবু কাহার।
Leave a Reply